কালিয়াচকের অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট আটক, গ্রেফতার পাচারকারী
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কালিয়াচকের জালুয়াবাথাল গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট। যার বর্তমান বাজারমূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ কর্তারা।
এই মাদকের কারবারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে সে বিষয়টি নিয়েও তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শাকিল শেখ। তার বাড়ি কালিয়াচক থানার মোজামপুর এলাকায়। অভিযুক্ত ওই পাচারকারী একটি মোটরবাইক করে মঙ্গলবার গভীর রাতে কালিয়াচক থেকে মহদীপুর এলাকায় বচ্চন শেখ নামে এক ব্যক্তির কাছে যাচ্ছিল। সেখানে ওই মাদকের ট্যাবলেট গুলি পাচার করতো বলে প্রাথমিক জেলায় জানিয়েছে ধৃত ওই ব্যক্তি।
এরপরই এই ট্যাবলেট গুলি সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা ছিল মাদক কারবারীদের। কিন্তু তার আগেই পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জালুয়াবাথাল কদমতলা এলাকা থেকে অভিযুক্ত ওই পাচারকারীকে হাতেনাতে গ্রেপ্তার করে। বুধবার সকালে কালিয়াচক থানার পুলিশ অভিযুক্ত ওই পাচারকারীকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে। গোটা ঘটনাটির তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।

Post a Comment